ভারতের সংসদে ছাত্র আন্দোলন ও পুলিশের ভূমিকা নিয়ে সব বিষয়ে আলোচনা করতে প্রস্তুত দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।
তিনি বলেন, সরকার শিক্ষার্থীদের আন্দোলন ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ ও বিস্তারিত আলোচনা করতে প্রস্তুত। তবে আলোচনার সময় বিরোধীরা যেন বিশৃঙ্খলা সৃষ্টি না করেন, সে আহ্বান জানান তিনি।
কিরেন রিজিজু বলেন, “আলোচনা ও জবাব দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে বাধা দেওয়া উচিত নয়। বরং সরকারের বক্তব্য ও জবাব শোনা প্রয়োজন।”
এর আগে ছাত্র আন্দোলন নিয়ে অমিত শাহের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী কোনো তদন্তের নির্দেশ দেননি এবং সংসদেও কোনো বক্তব্য দেননি।
এদিকে, নিট পরীক্ষার প্রশ্নফাঁসসহ বিভিন্ন ইস্যুতে ভারতের রাজনীতিতে উত্তাপ চলছে। শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষাপটে সংসদে অমিত শাহ কী বক্তব্য দেন, তা নিয়ে এখন নজর রয়েছে রাজনৈতিক মহলের।
সদ্য সংবাদ/এসএস