যুক্তরাষ্ট্রের প্রভাবশালী মুসলিম ও কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনভিত্তিক সংগঠন ‘নেশন অব ইসলাম’-এর ফার্স্ট লেডি খাদিজা ফারাখান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।
স্থানীয় সময় ২৭ জুন তিনি মৃত্যুবরণ করেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়েছে।
সংগঠনটির প্রধান লুই ফারাখানের স্ত্রী খাদিজা ফারাখান অনুসারীদের কাছে ‘মাদার খাদিজা’ নামে পরিচিত ছিলেন। দীর্ঘ সাত দশকেরও বেশি সময় ধরে তিনি নেশন অব ইসলামের সামাজিক ও সংগঠনগত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার মরদেহ বুধবার ও বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শিকাগোর মারিয়াম মসজিদে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। শুক্রবার সকাল ১১টায় একই মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।
খাদিজা ফারাখানের জন্মনাম ছিল বেটসি রস। তিনি ১৯৫৩ সালে লুই ফারাখানকে বিয়ে করেন এবং ১৯৫৫ সালে ইসলাম ধর্ম গ্রহণ করেন। দাম্পত্য জীবনে তাদের ৯ সন্তান রয়েছে।
নেশন অব ইসলাম ১৯৩০ সালে যুক্তরাষ্ট্রে প্রতিষ্ঠিত একটি ধর্মীয় ও সামাজিক আন্দোলন, যা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর আত্মনির্ভরশীলতা ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে আসছে। খাদিজা ফারাখান সংগঠনটির বিকাশ ও বিস্তারে দীর্ঘ সময় ধরে সক্রিয় ভূমিকা রাখেন।
তিনি ১৯৯৭ সালে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ‘মিলিয়ন উইমেন মার্চ’-এ গুরুত্বপূর্ণ বক্তব্য দেন, যেখানে নারীর ভূমিকা ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
সংগঠনটি এক বিবৃতিতে জানায়, দীর্ঘ দাম্পত্য জীবন শেষে মাদার খাদিজা আল্লাহর কাছে ফিরে গেছেন—এ ঘটনায় তারা গভীর শোক প্রকাশ করেছে।