শনিবার (১৭ জানুয়ারি) ডাকসুর উদ্যোগে আয়োজিত ওই কনসার্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সিগারেটের প্যাকেট তুলে দেওয়া হয় বলে অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান ও মাদকবিরোধী নীতিমালা থাকা সত্ত্বেও এমন ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। শিক্ষার্থীদের সুস্থ সংস্কৃতি ও সচেতনতার চর্চা যেখানে ছাত্র সংসদের অন্যতম দায়িত্ব, সেখানে তামাকজাত পণ্যের প্রচার কীভাবে অনুমোদন পেল তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় ওঠে। সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও এর নিন্দা জানান। এ ধরনের কর্মকাণ্ড শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও ভাবমূর্তির জন্যও ক্ষতিকর বলে জানান তারা।
এ বিষয়ে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ডাকসুর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। ভবিষ্যতে ক্যাম্পাসে আয়োজিত যেকোনো অনুষ্ঠানে স্পন্সর নির্বাচন ও কার্যক্রমের ক্ষেত্রে আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন তারা।