ব্যাংক থেকে মাত্র ৩ হাজার রুপি তুলতে গিয়ে অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের এক গৃহবধূ। ব্যাংক স্টেটমেন্টে নিজের অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৯৫১ রুপি ১৬ পয়সা দেখে হতবাক হয়ে যান তিনি।
ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার লালগোলা থানার কালিকাপুর গ্রামে। ওই গৃহবধূর নাম সেরিফা খাতুন।
পরিবার সূত্রে জানা গেছে, সেরিফার স্বামী ও স্বজনরা তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেখান থেকে তার দেবর ৩ হাজার রুপি পাঠান। সেই টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে শত শত কোটি রুপির ব্যালেন্স দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনি।
সেরিফা জানান, এত টাকা দেখে তার হাত-পা কাঁপতে শুরু করে। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানান।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা সার্ভার সমস্যার কারণে ভুল ব্যালেন্স প্রদর্শিত হয়েছে। তবে কী কারণে এমন ঘটনা ঘটেছে, তা তদন্ত করছে ব্যাংক কর্তৃপক্ষ ও পুলিশ।
একই দিনে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার ফালাকাটাতেও একই ধরনের আরেকটি ঘটনা ঘটে। স্বপ্না বর্মন নামে এক নারীর ব্যাংক স্টেটমেন্টে প্রায় ৭৪০ কোটি রুপি দেখালেও পুনরায় ব্যালেন্স যাচাই করে দেখা যায়, তার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ২০২ রুপি। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, সেটিও ছিল প্রযুক্তিগত বিভ্রাটের ফল।