ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে ‘রাজনীতির গিনিপিক’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নিলুফার চৌধুরী মনি বলেন, হাদির বক্তব্যগুলো বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে। এগুলো মানুষ এখন যেভাবে নিচ্ছে, এক মাস কিংবা এক বছর পরও সেভাবে নেবে কি না, তা তিনি নিশ্চিত নন। তাঁর ভাষায়, এই মুহূর্তে হাদিকে তাঁর কাছে একটি গুরুত্বপূর্ণ ‘গিনিপিক’ ছাড়া আর কিছু মনে হয়নি।
তিনি আরও বলেন, হাদি যে দলের হয়ে রাজনীতি শুরু করেছিলেন, পরে সেই দলের আদর্শ থেকেই বেরিয়ে আসেন। তাঁর মতে, হাদি সাদাকে সাদা কিংবা কালোকে কালো হিসেবে দেখতে পারেননি। তাঁর মধ্যে অনেক আবেগ ছিল এবং যাদের হয়ে রাজনীতি করেছিলেন, পরবর্তীতে তাদের বিরুদ্ধেই কথা বলতে শুরু করেন। নিলুফার চৌধুরী মনি বলেন, অন্য দলের সহযোগিতা ছাড়া তাঁর নিজের দলে কতজন মানুষ ছিল, সেটিও প্রশ্নের বিষয়।
হাদির জানাজায় সারা দেশ থেকে মানুষ আনার বিষয়টিও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, এর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে, যার মূল লক্ষ্য নির্বাচনকে বানচাল করা।