বুধবার (২৬ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৫০ মিনিটে কমপ্লেক্সের কয়েকটি উঁচু ভবনে আগুন ছড়িয়ে পড়ে। দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
সংবাদমাধ্যম চায়না ডেইলি জানিয়েছে, এক সঙ্গে একাধিক টাওয়ারে আগুন লাগায় পরিস্থিতি দ্রুত জটিল হয়ে পড়ে। ভবনগুলোর ভেতরে বেশ কয়েকজন আটকা পড়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম আরটিএইচকে একটি প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত সাতজন আহত ব্যক্তিকে অ্যালিস হো মিউ লিং নেদারসোল হাসপাতাল এবং প্রিন্স অফ ওয়েলস হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
হংকংয়ের ফায়ার সার্ভিস তাদের এক বিবৃতিতে জানায়, আশেপাশের বাসিন্দাদের ঘরেই অবস্থান করতে, দরজা-জানালা বন্ধ রাখতে এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ জনগণকে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।
ওয়াং ফুক কোর্ট মোট আটটি ব্লক নিয়ে গঠিত একটি বিশাল আবাসিক কমপ্লেক্স, যেখানে প্রায় ২,০০০ ইউনিট রয়েছে। আগুন লাগা ভবনগুলোর বাইরের দিকে নির্মাণের কাজে ব্যবহৃত বাঁশের ভারা থাকায় আগুন নিচ থেকে দ্রুত ওপরের দিকে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।