যুক্তরাজ্যের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে দেশটির সামরিক ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ইরান। ব্রিটিশ নৌবাহিনী রয়্যাল নেভি এবং বিমানবাহিনী রয়্যাল এয়ার ফোর্সকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে তেহরান। পাশাপাশি যুক্তরাজ্যের বৈদেশিক গোয়েন্দা সংস্থা এমআই৬-কে শত্রুভাবাপন্ন গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতির বরাতে দেশটির বার্তা সংস্থা তাসনিম এ তথ্য প্রকাশ করে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, যুক্তরাজ্যের কয়েকটি পদক্ষেপের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে ইরানের সংঘাতের সময় ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার, বিভিন্ন স্থাপনা ও রসদ সরবরাহের সুযোগ দেওয়ার বিষয়টি এতে গুরুত্ব পেয়েছে।
এ ছাড়া গত ১৩ জুলাই যুক্তরাজ্যের ‘স্টেট থ্রেটস অ্যাক্ট ২০২৬’-এর অধীনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) তালিকাভুক্ত করার ঘটনাকেও পাল্টা পদক্ষেপের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে তেহরান।
বিবৃতিতে জানানো হয়েছে, ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রস্তাবের ভিত্তিতে সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। ১ নভেম্বর থেকেই এগুলো কার্যকর হয়েছে।
তেহরান বলছে, পারস্পরিক পদক্ষেপ গ্রহণের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ব্রিটিশ সামরিক ও গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা এবং রাষ্ট্রীয় স্বার্থ রক্ষাই এ সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
তথ্যসূত্র: গালফ নিউজ ও তাসনিম
সদ্য সংবাদ/এসএস