বুধবার (১ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমী জাহানাবাদী জানান, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিল ইতিমধ্যেই বাংলাদেশের জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হওয়ার আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।
রাষ্ট্রদূত জাহানাবাদী আরও জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে নাবিক ও ক্রুদের নিরাপদে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতা করা হয়।
তবে তিনি মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক বিবৃতিতে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন। তার মতে, কেবল উদ্বেগ প্রকাশ যথেষ্ট নয়, বরং দায়ী পক্ষগুলোর বিরুদ্ধে স্পষ্ট নিন্দা জানানো প্রয়োজন।
গত কয়েক সপ্তাহ ধরে ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে চলমান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল, যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের জাহাজের মতো বাংলাদেশের জাহাজগুলোও আটকা পড়েছিল। বর্তমানে জাহাজগুলোর যাত্রা শুরু প্রক্রিয়া ইরানের নৌবাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদারকি করছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই সিদ্ধান্ত বাংলাদেশের সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ইতিবাচক প্রতিফলন। তবে রাষ্ট্রদূত জাহানাবাদী আরও স্পষ্ট করেছেন যে, চলমান আন্তর্জাতিক পরিস্থিতিতে তারা বাংলাদেশের কাছ থেকে আরও জোরালো সমর্থন আশা করছে।