ইরান পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের তহবিল দেবে যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩
ইরানের সঙ্গে চলমান সংঘাতের স্থায়ী অবসান এবং পারমাণবিক চুক্তিসহ একটি চূড়ান্ত সমঝোতা হলে দেশটির জন্য ৩০০ বিলিয়ন ডলারের বিনিয়োগ তহবিল গঠনের অনুমতি দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ধাপে ধাপে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টিও আলোচনায় রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ওয়াশিংটন ইরানের জন্য নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ এবং দেশ পুনর্গঠনে ৩০০ বিলিয়ন ডলারের একটি বড় বিনিয়োগ তহবিল গঠনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে। তবে এসব সুবিধা নির্ভর করবে ইরান সমঝোতা স্মারকের শর্তগুলো কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারে তার ওপর।

সুইজারল্যান্ডে আগামী শুক্রবার সমঝোতা স্মারকটি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, গত রোববারই চুক্তিটি ইলেকট্রনিক পদ্ধতিতে সম্পন্ন হয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে নৌযান চলাচলও পুনরায় শুরু হয়েছে।

আলোচনা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, চূড়ান্ত রাজনৈতিক সমঝোতা অর্জিত হলে তবেই এই তহবিল কার্যকর হবে। এর আগে যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো, হরমুজ প্রণালি পুনরায় চালু রাখা এবং পারমাণবিক চুক্তি নিয়ে অতিরিক্ত আলোচনা শেষ করতে হবে। সূত্রটির দাবি, এ অর্থ কোনো রাষ্ট্রীয় কোষাগার থেকে আসবে না; বরং ইরানে বিনিয়োগে আগ্রহী আন্তর্জাতিক কোম্পানিগুলোর জন্য একটি বিনিয়োগ কাঠামো হিসেবে এটি গড়ে তোলা হবে।

প্রায় ৯ কোটি মানুষের জ্বালানিসম্পদসমৃদ্ধ দেশ ইরানকে সম্ভাবনাময় বাজার হিসেবে দেখছে বিভিন্ন আন্তর্জাতিক ব্যবসা প্রতিষ্ঠান। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, ইউরোপের পাশাপাশি দক্ষিণ কোরিয়া, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশের কোম্পানিও আগ্রহ দেখিয়েছে। নিষেধাজ্ঞা শিথিল হলে মার্কিন কোম্পানিগুলোও সেখানে বিনিয়োগে এগিয়ে আসতে পারে।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সিবিএস নিউজকে বলেন, ‘৩০০ বিলিয়ন ডলারের পুনর্গঠন তহবিল এমন একটি সুযোগ, যার সুবিধা ইরান পেতে পারে, যদি তারা নিজেদের প্রতিশ্রুতি পূরণ করে।’

তবে এ আর্থিক প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেতরেও বিতর্ক তৈরি করেছে। সংশ্লিষ্টদের মতে, ট্রাম্প এমন অবস্থানে যেতে চান না, যাতে তাঁকে ইসলামি শাসনব্যবস্থাকে আর্থিকভাবে পুরস্কৃত করার অভিযোগের মুখে পড়তে হয়। এর আগে তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির তীব্র সমালোচনা করেছিলেন এবং অভিযোগ করেছিলেন, ওই চুক্তির মাধ্যমে তেহরানকে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হয়েছিল।

বর্তমান সমঝোতার সমালোচকদের দাবি, আলোচনায় থাকা আর্থিক সুবিধাগুলোর পরিমাণ ওবামা আমলের চুক্তির তুলনায় আরও বড়। সোমবার এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা সাংবাদিকদের জানান, ট্রাম্প, জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ দূরবর্তী পদ্ধতিতে নথিতে স্বাক্ষর করলেও এখন পর্যন্ত ইরানে কোনো অর্থ প্রবাহিত হয়নি।

আলোচনা-সংশ্লিষ্ট সূত্র জানায়, নিষেধাজ্ঞা শিথিল বা বিদেশে আটকে থাকা ইরানি সম্পদ মুক্ত করার প্রক্রিয়া ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এর অগ্রগতি নির্ভর করবে পারমাণবিক আলোচনা এবং চূড়ান্ত সমঝোতা বাস্তবায়নের ওপর।

তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, আস্থা তৈরির অংশ হিসেবে শুরুতে সীমিত পরিসরে কিছু আর্থিক সুবিধা দেওয়া হতে পারে। তাদের মতে, বড় অঙ্কের অর্থ ব্যবহারের অনুমোদন কোনো নির্দিষ্ট সূচকের ভিত্তিতে নয়; বরং ইরানের সামগ্রিক আচরণ, বিশেষ করে পারমাণবিক কর্মসূচি নিয়ে তাদের অবস্থানের মূল্যায়নের ওপর নির্ভর করবে।

সমঝোতা স্মারকের অংশ হিসেবে তেহরান ও ওয়াশিংটন সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিষ্পত্তির একটি পদ্ধতি নিয়েও একমত হয়েছে। আলোচনা-সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ইরানের ভেতরেই সব সমৃদ্ধ ইউরেনিয়াম পাতলা করার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, গত জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে দেশটির কর্মসূচিকে কার্যত বড় ধরনের ক্ষতির মুখে ফেলে। তবে ওয়াশিংটনের লক্ষ্য এখন এমন ব্যবস্থা নিশ্চিত করা, যাতে ইরান ভবিষ্যতে সেই সক্ষমতা পুনর্গঠন করতে না পারে।

বর্তমানে ইরানের কাছে ৯ হাজার কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এর বেশিরভাগ নিম্নমাত্রার হলেও প্রায় ৪৪০ কেজি ইউরেনিয়াম অস্ত্রমানের কাছাকাছি মাত্রায় সমৃদ্ধ করা হয়েছে। এই অংশকে ট্রাম্প ‘নিউক্লিয়ার ডাস্ট’ বলে উল্লেখ করেছেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে আজ মাঠে নামছে ইসলামী আন্দোলন সদ্য. প্রধানমন্ত্রী নিউইয়র্কে পৌঁছানোর আগেই জ্যাকসন হাইটসে উত্তেজনা