কয়েক সপ্তাহ ধরেই শারীরিক জটিলতায় ভুগছিলেন জাদরান। গত ১২ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় তাঁর ভাই ঘামাই জাদরান জানান, শাপুরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
শাপুর জাদরানের দ্রুত আরোগ্য কামনা করে বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।
২০০৯ সালের আগস্টে নেদারল্যান্ডসের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শাপুর জাদরানের। পরের বছরের ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক করেন তিনি। ২০২০ সালের মার্চের পর আর আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যায়নি এই পেসারকে।
আফগানিস্তানের জার্সিতে ৪৪টি ওয়ানডে খেলেছেন জাদরান, যেখানে তাঁর ঝুলিতে আছে ৪৩ উইকেট। টি-টোয়েন্টিতে ৩৬ ম্যাচে নিয়েছেন ৩৭ উইকেট। তবে ব্যাট হাতেও দেশের ক্রিকেট ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন তিনি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে আফগানিস্তানের ঐতিহাসিক জয়ে জয়সূচক রানটি এসেছিল শাপুর জাদরানের ব্যাট থেকেই।