অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলকে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে চারজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। রোববার (৫ জুলাই) সন্ধ্যায় অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে এ শোকজ নোটিশ জারি করা হয়।
শোকজপ্রাপ্তরা হলেন— মো. জহিরুল ইসলাম (সুমন), মো. রফিকুল ইসলাম (মন্টু), মুহাম্মদ মাসুদ রানা এবং মো. আশিকুজ্জামান (নজরুল)।
অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটে অ্যাটর্নি জেনারেলের দপ্তরে কর্মরত অবস্থায় ওই চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের বিরুদ্ধে অসংযত আচরণ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বিচারপ্রার্থী ও কার্যালয়ের অন্য আইন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা অ্যাটর্নি জেনারেলকে বিভিন্নভাবে হুমকি দেওয়ার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটারও ইঙ্গিত দেন। পুরো ঘটনাটি কার্যালয়ের সিসিটিভি ফুটেজে ধারণ করা হয়েছে বলেও নোটিশে জানানো হয়।
এ ধরনের আচরণকে গুরুতর অসদাচরণ ও সরকারি কাজে বিঘ্ন সৃষ্টির শামিল উল্লেখ করে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে বলে শোকজে সতর্ক করা হয়েছে।