ফিলাডেলফিয়ার উত্তরে বাকস কাউন্টির সিলভার লেক নার্সিং হোমে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসনের ধারণা, গ্যাস লিক থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে। বিস্ফোরণে ভবনের একটি বড় অংশ ধসে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়লে ভেতরে থাকা বহু বাসিন্দা আটকা পড়েন।
সংবাদ সম্মেলনে পেনসিলভানিয়ার গভর্নর জশ শ্যাপিরো বলেন, “এ মুহূর্তে অন্তত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা গেছে। তবে এখনো কয়েকজন নিখোঁজ রয়েছেন।” তিনি দ্রুত উদ্ধার তৎপরতা চালানোর জন্য প্রথম সাড়াদানকারী দলগুলোর ভূয়সী প্রশংসা করেন।
গভর্নরের ভাষ্য অনুযায়ী, দমকলকর্মীরা মই বেয়ে ভবনের ভেতরে ঢুকে বাসিন্দাদের উদ্ধার করে পুলিশ সদস্যদের হাতে তুলে দেন। পুলিশ সদস্যরা কখনো কখনো একসঙ্গে দুজনকে কোলে করে নিরাপদ স্থানে নিয়ে যান।
ব্রিস্টল টাউনশিপ ফায়ার চিফ কেভিন ডিপোলিতো জানান, ঘটনাস্থলে পৌঁছেই তারা তীব্র গ্যাসের গন্ধ পান। তিনি বলেন, “বিস্ফোরণের সময় ভবনের বড় অংশ ধসে পড়ে। প্রথম তলার কিছু অংশ বেসমেন্টে ভেঙে পড়ে, ফলে ভেতরে মানুষ আটকা পড়ে।”
তিনি আরও জানান, জানালা, দরজা, সিঁড়ি ও লিফটের শ্যাফট ব্যবহার করেও বাসিন্দাদের উদ্ধার করা হয়েছে। এখনো অন্তত পাঁচজনের খোঁজ পাওয়া যায়নি, তবে এ সংখ্যা প্রাথমিক বলে উল্লেখ করেন তিনি।
ডিপোলিতো বলেন, 'ভবন পুরোপুরি খালি কি না নিশ্চিত না হওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলবে।'
এদিকে গভর্নর শ্যাপিরো জানান, চলতি মাসেই নার্সিং হোমটির মালিকানা পরিবর্তন হয়েছে। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিদর্শকরা ১০ ডিসেম্বর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে কর্মীদের সঙ্গে বৈঠক করেন এবং সেবার মান উন্নয়নে একটি পরিকল্পনা প্রণয়ন করেন।