১৮ সেপ্টেম্বর শেষ হচ্ছে জাকসুর মেয়াদ, চার দফা দাবিতে সংবাদ সম্মেলন

জাবি প্রতিনিধি
৮ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:২৭:৫৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)–এর বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরুর দাবি উঠেছে। আগামী ১৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। এর আগেই ১১তম জাকসু নির্বাচনের রোডম্যাপ ও তফসিল ঘোষণাসহ চার দফা দাবি জানিয়েছে বর্তমান সংসদ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাকসু ভবনের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংসদের নেতারা।

জাকসুর পক্ষ থেকে নিয়মিত নির্বাচন নিশ্চিত করতে নির্দিষ্ট নির্বাচনী ক্যালেন্ডার তৈরির দাবি জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার পর যাতে দীর্ঘ সময় শিক্ষার্থী সংসদ নেতৃত্বশূন্য না থাকে, সেজন্য দ্রুত নির্বাচনী তফসিল ঘোষণা এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়।

এ ছাড়া জাকসুর গঠনতন্ত্র ও বিদ্যমান বিধিবিধান অনুসরণ করে নির্বাচনের ধারাবাহিকতা বজায় রাখতে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে জাকসুর জিএস মাজহারুল ইসলাম বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার আগে পরবর্তী নির্বাচনের প্রক্রিয়া শুরু করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। এ বিষয়ে উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল হাসানের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মাজহারুল ইসলাম আরও বলেন, নির্বাচনের ধারাবাহিকতা ধরে রাখতে নির্বাচনী ক্যালেন্ডার, তফসিল, নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় কমিটি, অর্থ ও নিরাপত্তা ব্যবস্থাপনা আগে থেকেই প্রস্তুত করা প্রয়োজন। নিয়মিত নির্বাচন হলে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব এবং বিশ্ববিদ্যালয়ে জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বর্তমান সংসদের সময়ে নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতির কথা তুলে ধরেন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অটোমেশন কার্যক্রম বাস্তবায়নের কাজ এগিয়েছে এবং টেন্ডার ও মূল্যায়ন প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। বর্তমান সংসদের মেয়াদেই এর উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

একাডেমিক সংস্কার সংক্রান্ত সাতটি দাবিও একাডেমিক কাউন্সিলে নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান জিতু। এর মধ্যে থিসিসের গবেষণা বৃত্তি বাড়িয়ে ৭৫০ টাকা থেকে ৮ হাজার টাকা করার পাশাপাশি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগের প্রস্তাব রয়েছে।

ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়নের বিষয়েও তথ্য দেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, ৮ দশমিক ৫৬ কিলোমিটার সড়ক নির্মাণের পাশাপাশি ফুটপাত ও সাইকেল লেন তৈরিতে ২৫ কোটি ৫১ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। জাকসুর গঠনতন্ত্র সংশোধনের উদ্যোগ এবং সংসদের আয়-ব্যয় নিরীক্ষার জন্য তিন সদস্যের অডিট কমিটি গঠনের কথাও জানান তিনি।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে অনিয়মের অভিযোগের তদন্ত শেষ হওয়ার পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান জাকসুর ভিপি।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ১০ম কার্যনির্বাহী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর ১৮ সেপ্টেম্বর শপথ নিয়ে দায়িত্ব গ্রহণ করেন নির্বাচিত নেতারা। চলতি মাসের ১৮ সেপ্টেম্বর বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা সদ্য. ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমিয়ে দিল সরকার সদ্য. কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক সদ্য. রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান সদ্য. কৃষিমন্ত্রীর মা আমেনা বেগম আর নেই সদ্য. দীর্ঘ চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশ সদ্য. ডিসেম্বরের প্রথম সপ্তাহেই কী দেশে ফিরছেন হাসিনা? সদ্য. শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে গ্রেপ্তার করতে চায় সরকার: তথ্য উপদেষ্টা সদ্য. ফের ভারত-বাংলাদেশের যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ, নতুন ট্রেনের প্রস্তাব দিল ঢাকা