জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থানে হামলায় মদদ দেওয়া এবং হামলার ঘটনায় অভিযুক্ত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে পুনঃতদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করাসহ ছয় দফা দাবি জানিয়েছে জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদ।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব দাবি তুলে ধরেন।
সংগঠনটির অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে—অবিলম্বে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন সম্পন্ন করা, একাডেমিক নিপীড়নে জড়িত শিক্ষকদের বিচার এবং শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা। এ ছাড়া সব বিভাগে মানোন্নয়ন পরীক্ষা ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের সুযোগ চালু, ধর্ষণচেষ্টার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়, রেজিস্ট্রার কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারসহ প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম অটোমেশনের আওতায় আনা এবং পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যান প্রণয়ন ও বাস্তবায়নের দাবিও জানিয়েছে সংগঠনটি।
শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক নাদিয়া রহমান বলেন, জাকসু নির্বাচনের পর প্রশাসন ঘুমিয়ে রয়েছে। জাকসুর কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের কোনো পরিকল্পনা নেই।
এ সময় ছাত্রদলের সমালোচনা করে তিনি বলেন, সিএলসি বিভাগের শিক্ষার্থীরা আন্দোলন করলে ছাত্রদলের নেতাকর্মীরা গিয়ে তালা ভেঙে উপাচার্যকে উদ্ধার করেছেন। ছাত্রদল এখন ছাত্রলীগের মতো সরকার বা প্রশাসনের পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে।
শাখা ছাত্রশক্তির সভাপতি জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হামলার ঘটনায় পুনঃতদন্ত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন এখনো কোনো দাবিই আমলে নিচ্ছে না।
ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা বেবির বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, “আমরা দেখেছি, জুলাইয়ের হামলায় মদদদাতা হোসনে আরা বেবি ক্যাম্পাসে না থেকেও অনলাইনে ক্যাম্পাসের সফট লিগারদের ইন্ধন দিচ্ছেন। ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার জন্য ফান্ডিং দিয়ে বেড়াচ্ছেন।”
সদ্য সংবাদ/ এআর