নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস, সহিংসতা ও জঙ্গিবাদী তৎপরতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিলটি শুরু হয়। এতে শাখা ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় তাঁরা ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’, ‘আবার কিসের ডিসেম্বর, লীগ ধইরা জেলে ভর’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘সন্ত্রাসলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘জঙ্গিলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘খুনীলীগের বিরুদ্ধে, আগুন জ্বালাও একসাথে’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ এবং ‘জাতীয় ছাত্রশক্তি, জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে জাতীয় ছাত্রশক্তির কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নাঈম ভূঁইয়া বলেন, ‘আমরা লক্ষ্য করেছি, লীগ সারা দেশে একটি জঙ্গিগোষ্ঠী হিসেবে গড়ে উঠেছে। স্বাধীনতা-পরবর্তী সময়ে লীগ কখনো দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। তাদের অবস্থান সব সময়ই ছিল দেশের মানুষের বিপরীতে। যারা দেশের মানুষের ওপর হামলা চালায়, তারা কখনো দেশের পক্ষের শক্তি হতে পারে না। যারা দেশের শক্তি নয়, তাদের বিপক্ষে জাতীয় ছাত্রশক্তি কঠোর অবস্থান নেবে।’
শাখা ছাত্রশক্তির সদস্যসচিব সৈয়দা নাজিফা নাফিল বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর থেকে সন্ত্রাসী লীগ যে হারে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে, তার বিরুদ্ধেই আজকের এই অবস্থান। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের সাধারণ মানুষকে কষ্ট দিয়ে যাচ্ছে। যারা আপা ফিরে আসবেন বলে খুশি হচ্ছেন, তাদের বলতে চাই, আমরাও আপার ফিরে আসার অপেক্ষায় আছি। আমরা আপার বিচার দেখতে চাই।’
শাখা ছাত্রশক্তির আহ্বায়ক নিলয় বড়ুয়া বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের পর থেকেই সন্ত্রাসী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা আমরা দেখতে পাচ্ছি না। বরং দেশের বিভিন্ন স্থানে তারা নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টি, হেনস্তা ও হামলার মতো ঘটনা ঘটিয়ে আসছে। এ ছাড়া ডিসেম্বর মাসকে সামনে রেখে গত দুই দিন ধরে সারা দেশে জ্বালাও-পোড়াও এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে তারা। আজও ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিব আল ইসলামের ওপর সন্ত্রাসী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনা ঘটেছে।’
তিনি আরও বলেন, ‘আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবিলম্বে শনাক্ত হওয়া হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করুন। এ ক্ষেত্রে বিলম্ব হলে সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠতে পারে।’
সদ্য সংবাদ/ এআর