নতুন শিক্ষার্থীদের স্বাগত জানানো এবং সৃজনশীল কাজের স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা অনুষদে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় তিন বিভাগ থেকে প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ আয়োজন করা হয়। চারুকলা অনুষদের উদ্যোগে অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল দৈনিক ইনকিলাব। এতে ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ১১তম, ১২তম ও ১৩তম ব্যাচের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, শিল্পচর্চা শুধু ব্যক্তিগত সৃজনশীলতার প্রকাশ নয়; এর মাধ্যমে একটি জাতির ইতিহাস, সংস্কৃতি, চিন্তা ও অর্জন তুলে ধরা সম্ভব। চারুকলার শিক্ষার্থীদের ভেতরের শিল্পীসত্তা বিকশিত করতে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদকে দেশের শিল্পাঙ্গনে স্বতন্ত্র পরিচয়ে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন উপাচার্য। তিনি বলেন, পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের নিবিড় সম্পর্ক রয়েছে। শিল্প ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সেই ঐতিহ্যকে বৃহত্তর পরিসরে তুলে ধরতে চারুকলা অনুষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটি স্বতন্ত্র সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।
চারুকলা অনুষদের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, দ্বিতীয় ক্যাম্পাসের মাস্টারপ্ল্যানে অনুষদটির জন্য বিশেষ ব্যবস্থা রাখার পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি বর্তমান ক্যাম্পাসেও সুযোগ-সুবিধা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিদ্যমান বিভাগগুলোর বিকাশের পাশাপাশি ভবিষ্যতে নতুন বিভাগ চালুর বিষয়টিও বিবেচনায় রয়েছে।
উপাচার্য আরও বলেন, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ ইতিহাস ও অর্জন শিল্পকর্মে প্রতিফলিত হওয়া প্রয়োজন। নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও জাতিসত্তার প্রতি শ্রদ্ধা রেখে সৃষ্টিশীল কাজের মাধ্যমে শিক্ষার্থীরা জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. বজলুর রশীদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাঃ আলপ্তগীন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল হক। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহ্মাদসহ অনুষদের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে ড্রইং অ্যান্ড পেইন্টিং বিভাগে তানজিলা আক্তার দোলা, প্রিন্টমেকিং বিভাগে সুরাইয়া ইয়াসমিন এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগে দেবব্রত ভৌমিক প্রথম স্থান অর্জন করেন।
সদ্য সংবাদ/এজে