টিটন হত্যা মামলায় শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর

স
সদ্য সংবাদ ডেস্ক
২৩ নভেম্বর, ২০২৬ ১৭:৪৯:০০
ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন হত্যার ঘটনায় গ্রেপ্তার শেখ মো. আসলাম ওরফে সুইডেন আসলামকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছেন আদালত। মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতাদের শনাক্ত করা প্রয়োজন। পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার এবং এ ঘটনায় জড়িত গ্রেপ্তার ও পলাতক অন্য ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে সুইডেন আসলামকে জিজ্ঞাসাবাদ জরুরি।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আসলামকে আদালতে হাজির করা হয়। শুনানির আগে তাঁকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে কঠোর পুলিশি পাহারায় এজলাসে তোলা হলে রিমান্ড আবেদনের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শামসুদ্দোহা সুমন যুক্তি তুলে ধরেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মাহবুবুল আলম রিমান্ড বাতিলের পাশাপাশি জামিন আবেদন করেন। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত ২৮ এপ্রিল সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলা এলাকায় গুলিবিদ্ধ হন খন্দকার নাঈম আহমেদ টিটন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তাঁর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার এজাহারে হত্যাকাণ্ডের পেছনে গরুর হাটের ইজারা নিয়ে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, ইজারাকে কেন্দ্র করে ইমামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল, শাজাহান এবং রনিসহ কয়েকজনের সঙ্গে টিটনের বিরোধ তৈরি হয়েছিল।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ঘটনার আগের দিন ২৭ এপ্রিল টিটন তাঁর বড় ভাইকে ফোন করে জানান, বিরোধের বিষয়টি মীমাংসার জন্য প্রতিপক্ষের লোকজন তাঁকে ডেকেছে। পরদিন সন্ধ্যা পৌনে ৮টার দিকে শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে তাঁর ওপর হামলা হয়। মোটরসাইকেলে আসা দুই অস্ত্রধারীসহ কয়েকজন এ হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে।

গুলিতে গুরুতর আহত টিটনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ভাইয়ের মরদেহ শনাক্ত করেন মামলার বাদী।

এজাহারে আরও উল্লেখ করা হয়, দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ১৩ আগস্ট জামিনে মুক্তি পান টিটন। এরপর তিনি রাজধানীর হাজারীবাগের সুলতানগঞ্জ এলাকায় বসবাস করছিলেন। পরিবারের কাছে তিনি আগের কর্মকাণ্ডের কারণে আর্থিক ক্ষতির জন্য অনুশোচনা প্রকাশ করেছিলেন এবং নতুন করে ব্যবসা শুরু করার পরিকল্পনা করছিলেন।

গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধজগতে আলোচিত নাম হয়ে ওঠেন তিনি। দীর্ঘ ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান তিনি।

শেখ মোহাম্মদ আসলাম নামের এই ব্যক্তির বাবার নাম শেখ জিন্নাত আলী। তাঁর পৈতৃক বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া এলাকায়। তবে বেড়ে উঠেছেন রাজধানীর ইন্দিরা রোডে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র সদ্য. নিরাপত্তা জোরদারে ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. এইচএসসির ফল পুনর্মূল্যায়নে ফেল থেকে পাস করলেন ৩৩ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী সদ্য. নির্ধারিত সময়েই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আয়োজনে বাধা নেই: আপিল বিভাগ সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর সদ্য. পাকিস্তান সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নিতে সচিবালয়ে এনসিপির চার নেতা সদ্য. থাইল্যান্ডগামী ফ্লাইটে ওঠার আগেই গ্রেপ্তার সুইডেন আসলাম সদ্য. পিংক বাসে লোকসানের বোঝা বাড়ছে, ১ টাকা আয়ে ব্যয় ৪ টাকার বেশি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎকেন্দ্র