নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়কের প্রায় ৪০০ মিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় সড়কটির বিভিন্ন স্থানে তৈরি হয়েছে অসংখ্য গর্ত। ভেঙে গেছে পিচঢালাই, কোথাও আবার দেবে গেছে সড়কের অংশবিশেষ। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন যানবাহনের চালকরা।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গোলাকান্দাইলের এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার কারণে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল চালকদের প্রতিনিয়ত দুর্ভোগে পড়তে হচ্ছে।
সড়কের ক্ষতিগ্রস্ত অংশে একাধিক গর্ত থাকায় যানবাহন চলাচলের জায়গাও সংকুচিত হয়ে এসেছে। গর্ত এড়িয়ে চলতে গিয়ে অনেক সময় চালকদের বিপরীত দিকের লেন ব্যবহার করতে হচ্ছে। এতে মুখোমুখি সংঘর্ষসহ দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে সড়কের ক্ষতির পরিমাণ বোঝা কঠিন হয়ে পড়ে।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির এমন অবস্থার কারণে দৈনন্দিন যাতায়াতে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে নেওয়া কিংবা শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছানোর ক্ষেত্রেও তৈরি হচ্ছে সমস্যা। অন্যদিকে ভাঙা সড়কে চলাচলের কারণে যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে বলেও জানিয়েছেন চালকরা।
দিনের তুলনায় রাতের বেলায় ঝুঁকি আরও বেড়ে যায়। পর্যাপ্ত আলোর অভাবে দূর থেকে গর্ত শনাক্ত করতে না পেরে চালকরা বিপাকে পড়েন। বিশেষ করে মোটরসাইকেল ও রিকশাচালকদের জন্য সড়কটি হয়ে উঠেছে বিপজ্জনক।
স্থানীয় বাসিন্দারা বলছেন, গুরুত্বপূর্ণ যোগাযোগপথ হওয়া সত্ত্বেও সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কার্যকর উদ্যোগ চোখে পড়ছে না। তাঁদের দাবি, শুধু গর্তে সাময়িকভাবে মাটি বা ইট ফেলে নয়, বরং টেকসইভাবে সংস্কার করতে হবে পুরো ৪০০ মিটার অংশ।
তাঁদের আশঙ্কা, দ্রুত সংস্কার করা না হলে ভাঙন আরও বাড়বে। এতে একদিকে জনদুর্ভোগ বাড়বে, অন্যদিকে ভবিষ্যতে সংস্কারের ব্যয়ও বৃদ্ধি পেতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারকাজ শুরুর দাবি জানিয়েছেন গোলাকান্দাইলের বাসিন্দারা। তাঁদের প্রত্যাশা, জনসাধারণের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
সদ্য সংবাদ/এজে