বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ২৩:৪৮:২৪
ছবি: সংগৃহীত

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পরামর্শ দিয়েছেন ভারতের কয়েকজন রাজনৈতিক নেতা। একই সময়ে তাঁর সম্ভাব্য প্রত্যাবর্তনের পথ পরিদর্শনে আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পেট্রাপোল ও বেনাপোল সীমান্তে গেছেন বলেও খবর প্রকাশ করেছে ভারতের কয়েকটি গণমাধ্যম।

এসব ঘটনার মধ্যে রোববার (২২ নভেম্বর) বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিকেল থেকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ও আশপাশের সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি তৎপরতা দেখা যায়। সীমান্তে টহল বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সতর্ক অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

বিকেলে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান চেকপোস্ট এলাকা পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর মাসেদুল।

ভারতের কলকাতাভিত্তিক কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে খবর প্রকাশের পর বেনাপোল সীমান্ত ঘিরে আলোচনা শুরু হয়। এসব সংবাদমাধ্যমের মধ্যে রয়েছে প্রথম কলকাতা, জি ২৪ ঘণ্টা ও মুখপত্র পোস্ট।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাব্য পথ পর্যালোচনা করতে রোববার সকালে কলকাতা থেকে পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত পরিদর্শনে যান আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। তাঁরা হলেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবীর নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব ও সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন নাসিম।

তবে শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়েই দেশে ফিরবেন, এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে আওয়ামী লীগের এক নেতার বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। সম্ভাব্য প্রবেশপথ হিসেবে পশ্চিমবঙ্গের বসিরহাট ও সাতক্ষীরা সীমান্তের ঘোজাডাঙা, মালদহ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের মাহদীপুর ও সোনামসজিদ এবং ত্রিপুরার কয়েকটি সীমান্ত চেকপোস্টের কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সবকটি পথ পর্যালোচনার পর সম্ভাব্য প্রবেশপথ নির্ধারণ করা হবে বলে ওই সূত্রের দাবি।

এদিকে একই দিন ভারতের পেট্রাপোল সীমান্তে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে দেশটির হিন্দু সুরক্ষা সমিতি এবং মতুয়া সম্প্রদায়ের কয়েকটি সংগঠন। সকালে শুরু হওয়া এ কর্মসূচিতে ভারতের কয়েকজন রাজনৈতিক নেতাও অংশ নেন। ভারতীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, সমাবেশে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারসহ কয়েকজন নেতা।

সমাবেশে বিধায়ক স্বপন মজুমদার চিন্ময়কৃষ্ণ দাসের দীর্ঘ কারাবাস ও বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলেন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সমালোচনা করেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শেখ হাসিনাকে পেট্রাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসার আহ্বান জানান তিনি।

একই ধরনের বক্তব্য দেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অশোক কীর্তনীয়াও। সংশ্লিষ্ট সূত্রের দাবি, বাংলাদেশের জনগণকে রক্ষা এবং দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ এবং শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান ঘিরে দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দুপুর ২টার দিকে ভারতের পেট্রাপোল সীমান্তে সমাবেশ শেষ হওয়ার পর বাংলাদেশের বেনাপোল সীমান্তে বিজিবির সতর্ক অবস্থান আরও দৃশ্যমান হয়। বিকেল সাড়ে ৫টার দিকে চেকপোস্ট ও আশপাশের গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টে বিজিবির বাড়তি টহল দেখা যায়।

এ বিষয়ে ৪৯ বিজিবির সহকারী অধিনায়ক মেজর মাসেদুল বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পথে দুই দেশের মধ্যে যাতায়াত ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টহল বাড়ানো হয়েছে। বেনাপোল চেকপোস্টের প্রধান ফটকসহ সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিজিবির টহল দল সতর্ক অবস্থানে থাকবে।​

সদ্য সংবাদ/ এরআর

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি সদ্য. বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে: জামায়াত আমির সদ্য. গোপালগঞ্জ বাংলাদেশের অংশ, তা মানুষ বিশ্বাস করতে পারছে না: গোলাম পরওয়ার সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে গোপনীয় নথি