রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) গভীর রাতে মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন মোহাম্মদপুরের ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান উজ্জ্বল ও আল মাসুদ জনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে রাত আড়াইটার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, আওয়ামী লীগের বিভিন্ন মিছিল ও সমাবেশে কর্মী-সমর্থক জড়ো করার পাশাপাশি এসব কর্মসূচিতে আর্থিক সহায়তা দিতেন গ্রেপ্তার ব্যক্তিরা। এ ছাড়া দলটির কেন্দ্রীয় পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন তারা।
পুলিশের দাবি, ঢাকায় অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনার অংশ হিসেবে তারা এলাকায় সক্রিয় ছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এজে