আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে হাজির হয়েছিলেন রাজধানীর গুলশান থানার এক উপপরিদর্শক (এসআই)। শেখ হাসিনার বিরুদ্ধে মানহানির অভিযোগে নড়াইলে করা একটি মামলায় আদালতের পরোয়ানা কার্যকর করতে বুধবার সকালে তিনি সেখানে যান।
ওই সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আমন্ত্রণে বঙ্গভবনে আয়োজিত মতবিনিময় সভায় যোগ দিতে বাসা থেকে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মাহমুদুর রহমান। তিনি ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক হিসেবে সভায় আমন্ত্রিত ছিলেন।
পুলিশ কর্মকর্তা তাকে জানান, শেখ হাসিনার মানহানির অভিযোগে করা মামলায় আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সেটি কার্যকর করতেই তিনি বাসায় এসেছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১১ এপ্রিল নড়াইল সদর থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামরুজ্জামান কামাল। মামলার অন্য দুই আসামি হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক উপরাষ্ট্রপতি ব্যারিস্টার মওদুদ আহমদ এবং বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিলের সভাপতি এম এ হালিম। মওদুদ আহমদ ২০২১ সালের ১৬ মার্চ মারা যান।
মামলায় দণ্ডবিধির ৫০০, ৫০১, ৫০৫, ১২৩(ক) ও ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। তবে মামলাটির কার্যক্রম হাইকোর্টের একটি বেঞ্চ স্থগিত করেছেন বলে জানা গেছে। চলতি বছরের ২৯ আগস্ট নড়াইলের ম্যাজিস্ট্রেট আদালতের আদেশেও স্থগিতাদেশের বিষয়টি উল্লেখ রয়েছে। মামলাটির পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী বছরের ২৭ জানুয়ারি।
এদিকে, মামলাটির গ্রেপ্তারি পরোয়ানা ২০১৯ সালের ২৯ সেপ্টেম্বর জারি করা হয়েছিল। এর নম্বর আর-১৬/২৬। স্থগিত থাকা মামলায় ওই পরোয়ানা কার্যকরের জন্যই পুলিশ মাহমুদুর রহমানের বাসায় গিয়েছিল বলে সংশ্লিষ্ট তথ্যে উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এজে