গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের উত্তাপ কিছুটা কমতে শুরু করেছে। ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও নতুন করে বিক্ষোভ কিংবা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলেও বেশ কিছু কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে।
শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করেছে প্রশাসন। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দায়িত্ব পালন করছেন বিজিবির ১৯ প্লাটুন, আনসারের ৫ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) ৮ প্লাটুন সদস্য।
বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য জানান। তিনি বলেন, শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে যাতে রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জানমালের ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবি সদস্যরা ইতিমধ্যে মাঠে নেমেছেন। অন্য বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালনে প্রস্তুত রয়েছেন।
অন্যদিকে, গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানিয়েছেন, শ্রীপুর শিল্পাঞ্চলের বেশ কয়েকটি পোশাক কারখানায় এখনো কাজ বন্ধ রয়েছে। বন্ধ থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ভিনটেক্স ডেনিম, মেঘনা নীট, সাবলাইম, এক্সিকিউটিভ গ্রিনটেক্স, এক্সিকিউটিভ হাই ফ্যাশন, টি ডিজাইন, ডিজাইটেক্স, স্ট্যান্ডার্ড, সাসটেইনেবল, এমএনআর সোয়েটার, এমএনআর ফ্যাশন, ওয়েলডান, টিএস ক্যাজুয়াল, কালার অ্যান্ড ফ্যাশন ইন্ডাস্ট্রিজ, ইরোর ফ্যাশন, প্যান্ডোরা সোয়েটার, এস্টোটেক্স, ডেনিম্যাক ডেনিম, কেএসএস, ইউনিসেন্স, তাকওয়া, লান্তাবুর, প্যাস্টেল অ্যাপারেলস, ইপোক গার্মেন্টস, নাসা হাইটেক ও স্টাইল লিমিটেড। এ ছাড়া জেলার অন্যান্য এলাকারও কিছু কারখানা বন্ধ রয়েছে।
বেতন বাড়ানোর দাবিতে প্রায় এক মাস ধরে গাজীপুরের বিভিন্ন কারখানায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ চলছে। আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একাধিকবার অবরোধের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে পুলিশ বক্স, পুলিশের গাড়ি ও কারখানার গুদামে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। এসব ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়েছে।
পরিস্থিতির কারণে অনেক কারখানার কর্তৃপক্ষ সাময়িকভাবে ছুটি ঘোষণা করে। এদিকে আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার হন পোশাকশ্রমিক তৌফিক। পরে তাঁর মৃত্যু হয়।
সব মিলিয়ে বৃহস্পতিবার সকালে শ্রমিকদের কাজে ফেরার প্রবণতা দেখা গেলেও শিল্পাঞ্চলের উৎপাদন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি।
সদ্য সংবাদ/এজে