সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুনকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটকের সময় ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সহসভাপতি মোতাহার হোসেন নিলয় ফেসবুকে সরাসরি সম্প্রচারে আসেন। এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের শাখাওয়াত মুনকে আওয়ামী লীগের আগামী ডিসেম্বরের রাজনৈতিক পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন করতে দেখা যায়।
জবাবে শাখাওয়াত মুন জানান, বর্তমানে তিনি চাকরিতে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে রয়েছেন। ফেসবুক লাইভের ভিডিওতে তাঁকে মারধর করতেও দেখা যায়। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
কে এম শাখাওয়াত মুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা করেছেন। তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক (অধ্যয়ন ও প্রশিক্ষণ) হিসেবে দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তাঁকে পিআইবির ওই পদ থেকে বদলি করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপপ্রেস সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছিল। সরকার পরিবর্তনের পর তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।
সদ্য সংবাদ/ এরআর