হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার আইতন-সৈয়দাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানার একটি দল। এ সময় রাসেল মিয়াকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাসেল মিয়ার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা রয়েছে। এছাড়া চুনারুঘাট থানায় তার বিরুদ্ধে আরও একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার রাসেল মিয়াকে আদালতে পাঠানো হবে।
সদ্য সংবাদ/এসএস