ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে থানায় গিয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘চোর’ বলে মব সৃষ্টির অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, রাজনৈতিক স্বার্থে রুমিন ফারহানা কখনো আওয়ামী লীগকে ব্যবহার করছেন, আবার প্রয়োজন ফুরালে দলটির বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) ঝিনাইদহ শহরে জুমার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, নির্বাচনের আগে রুমিন ফারহানা জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে জোরালো বক্তব্য দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পাওয়ার পর থেকে তিনি বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে বিষোদগার ও মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন রাশেদ।
রুমিন ফারহানার বক্তব্যের ধরন শেখ হাসিনার বক্তব্যের মতো বলেও মন্তব্য করেন তিনি। রাশেদ খাঁনের ভাষ্য, রুমিন ফারহানা সম্প্রতি একজন ওসিকে আওয়ামী লীগের ‘চোর’ বলেছেন। অথচ তাঁর অভিযোগ, রুমিন নিজেই আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিচ্ছেন। এমন পরিস্থিতিতে ওই কর্মকর্তা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হলেও রুমিনের তাঁর পক্ষে থাকার কথা বলে মন্তব্য করেন রাশেদ।
তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রয়োজনে আওয়ামী লীগকে ব্যবহার করছেন রুমিন ফারহানা। প্রয়োজন শেষ হলে দলটির পরিচয়কে সামনে এনে থানায় মব সৃষ্টি করছেন বলেও দাবি করেন তিনি।
রুমিন ফারহানার রাজনৈতিক অবস্থান নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, ‘আমার মনে হয় রুমিন ফারহানা আপারা মৌসুমি রাজনীতি করেন।’ তাঁর অভিযোগ, যে দিকে রাজনৈতিক জোয়ার থাকে, সেদিকেই যাওয়ার চেষ্টা করেন তিনি।
রাশেদ খাঁনের দাবি, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর রুমিন ফারহানা ভেবেছিলেন, দল তাঁকে আর ফিরিয়ে নেবে না। এ কারণে আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা বিবেচনায় নিয়ে তিনি কয়েকটি গণমাধ্যমে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সাক্ষাৎকার দিয়েছিলেন বলেও মন্তব্য করেন রাশেদ। এ প্রসঙ্গে কটাক্ষ করে তিনি বলেন, ‘এই মুহূর্তে রুমিন ফারহানা আপা বাংলাদেশ আওয়ামী লীগ শাখা সভাপতি।’
এর আগে শুক্রবার ঝিনাইদহ শহরের জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন রাশেদ খাঁন। এ সময় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ঝিনাইদহ জেলা সভাপতি ডা. মো. হাসানুজ্জামানসহ স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এআর