লক্ষ্মীপুরের কমলনগরে শিয়াল জবাই করে এর মাংস বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৩ আগস্ট) দুপুরে উপজেলার চর মার্টিন ইউনিয়নের মুন্সিগঞ্জ বাজার এলাকায় ঘটনাটি ঘটে। পরে পুলিশ ওই ব্যক্তিকে আটক করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আটক ব্যক্তির নাম ইব্রাহিম (৪৫)।
স্থানীয়দের বরাতে জানা গেছে, বাজারসংলগ্ন এলাকায় একটি জালে শিয়াল আটকে পড়েছিল। পরে ইব্রাহিম সেটি জবাই করে মাংস বিক্রির উদ্যোগ নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে পুলিশে খবর দেন।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। বন্যপ্রাণী সংরক্ষণ-সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ইব্রাহিমকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরে নির্ধারিত জরিমানার টাকা ঘটনাস্থলেই আদায় করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত উজ জামান জানান, অনুমোদন ছাড়া বন্যপ্রাণী ধরা, দখলে রাখা, হত্যা, মাংস বিক্রি কিংবা বাণিজ্যিক কাজে ব্যবহার করা আইনত দণ্ডনীয়। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জরিমানার শিকার ইব্রাহিম পেশায় ভিক্ষুক। তবে বন্যপ্রাণী হত্যার ঘটনায় তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এসএস