নওগাঁর মান্দায় ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রচারের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলার কালিকাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। ছড়িয়ে পড়া ভিডিওতে এক যুবককে চলন্ত অটোরিকশায় মাইক ব্যবহার করে প্রচার চালাতে দেখা যায়।
ভিডিওতে ওই যুবক প্রথমে মান্দার বাসিন্দাদের সালাম ও শুভেচ্ছা জানান। পরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে প্রচার শেষ করেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, ঘটনাটি বৃহস্পতিবারের। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
সদ্য সংবাদ/এসএস