মাগুরার শ্রীপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পরিচয় ব্যবহার করে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে সিআইডি লেখা চারটি জ্যাকেট, একটি খেলনা পিস্তল, একটি নোয়া মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাগুরার পুলিশ সুপার মোল্যা আজাদ হোসেন।
আটক ব্যক্তিরা হলেন- মোছা. আসমা খাতুন, মো. হাসানুজ্জামান হাছান, মো. ওসমান গনি, সালমান শাহ, মো. ছাব্বির হোসেন, মো. সাকিব ও মো. আল আমিন হোসেন। পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বাড়ি মাগুরার শালিখা, ঝিনাইদহ ও কুড়িগ্রামের বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাতে শ্রীপুরের নাকোল পশ্চিমপাড়া এলাকায় সন্দেহজনক একটি নোয়া মাইক্রোবাসের চলাচল নজরে আসে। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে নাকোল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেন।
খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পরে পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খায়রুল হাসান রাত ২টার দিকে সেখানে পৌঁছান।
পুলিশের উপস্থিতি বুঝতে পেরে মাইক্রোবাসে থাকা ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকেই এক নারীসহ সাতজনকে আটক করা হয়। পুলিশের দাবি, তাদের তৎপরতার কারণে ওই নারীকে অপহরণের চেষ্টা ভেস্তে যায়।
আটকের পর তল্লাশি চালিয়ে চারটি জ্যাকেট পাওয়া যায়, যেগুলোতে ‘সিআইডি’ লেখা ছিল। এছাড়া খেলনা পিস্তল, মাইক্রোবাস ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ সুপার জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে ঘটনার পেছনে তাদের উদ্দেশ্য ও সংশ্লিষ্ট অন্য কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে