মোংলা বন্দরের জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রটোকল উপেক্ষা করে গাড়ি থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে মোংলা বন্দরের জেটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থানের পর বিকেল সোয়া ৪টার পর জেটি ত্যাগ করে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে রওনা হন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, পথে নেতাকর্মীদের আগ্রহে গাড়ি থেকে নেমে উপস্থিত মানুষের সঙ্গে মিশে যান প্রধানমন্ত্রী। এ সময় হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান এবং কয়েকজনের সঙ্গে কথা বলেন। পরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন তিনি। পরিদর্শন শেষে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন তারেক রহমান।
এর আগে বৃহস্পতিবার সকালে মোংলা বন্দরের হিরন পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। পরে খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান তিনি। সেখান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান।
নৌঘাঁটিতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানেই মধ্যাহ্নবিরতি শেষে মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যান তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, খুলনা বিভাগীয় কমিশনার এবং বাগেরহাটের জেলা প্রশাসক।
সদ্য সংবাদ/এআর