নিরাপদ সড়ক কোনো অনুগ্রহ নয়, বরং প্রতিটি মানুষের মৌলিক অধিকার। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে জনসচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কার্যকর করা এবং সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে জানিয়েছে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন, রাঙামাটি জেলা শাখা।
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. হাবীব আজম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন এসব কথা বলেন।
বিবৃতিতে তাঁরা বলেন, প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধে কোনো একটি পক্ষের ওপর নির্ভর করলে চলবে না। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি ট্রাফিক আইনের যথাযথ ও কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি।
নেতৃবৃন্দ আরও বলেন, “নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ।” দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে নিরাপদ যাতায়াতব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন।
বিবৃতির শেষাংশে তাঁরা দুর্ঘটনামুক্ত ও নিরাপদ সড়ক গড়ে তুলতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। একই সঙ্গে সচেতন নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সদ্য সংবাদ/এআর