বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ‘বেগম খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়’ করার প্রস্তাব পাঠানো হয়েছে। স্থানীয় সংসদ সদস্যদের উদ্যোগে নেওয়া এ প্রস্তাব বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) কাছে বিষয়টি জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কুদরত ই জাহান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্টদের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে নাম পরিবর্তনের প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, বগুড়া জেলা ও সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন কর্মসূচি নিয়ে আয়োজিত এক সভায় বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের বিষয়ে আলোচনা হয়। ওই সভায় জেলার সংসদ সদস্যরা অংশ নেন এবং বিশ্ববিদ্যালয়ের নতুন নামকরণের প্রস্তাব উঠে আসে।
প্রস্তাবের বিষয়ে স্থানীয় সংসদ সদস্যরা মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বগুড়ার রাজনৈতিক ও উন্নয়নমূলক সম্পর্ক রয়েছে। সেই বিবেচনায় তার নামে বিশ্ববিদ্যালয়ের নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে বগুড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হলেও দীর্ঘদিন এর কার্যক্রম শুরু হয়নি। পরবর্তীতে নতুন আইনের মাধ্যমে ‘বগুড়া বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়।
সদ্য সংবাদ/এসএস