এমপির বক্তব্যে করতালি দিলেন ইউএনও, নিজেকে বললেন ‘বিএনপির লিডার’

স
সদ্য সংবাদ ডেস্ক
২৪ অক্টোবর, ২০২৬ ১৫:৪৬:৩৪
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্য চলাকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদারের হাততালি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিতর্কের মধ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নিজের বক্তব্যের একটি অংশ প্রচার করে দেশজুড়ে ভাইরাল করে দেওয়ার কথাও বলেছেন তিনি।

সম্প্রতি পীরগঞ্জ উপজেলার ৯ নম্বর সেনগাঁও ইউনিয়নের আমতলী শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শনে যান ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান। সেখানে উপস্থিত লোকজনের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান চেয়ারম্যান সাইদুর রহমানের নাম উল্লেখ করেন। একই সঙ্গে তাঁকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানান।

এ সময় সংসদ সদস্যের পাশেই বসা ছিলেন ইউএনও গোলাম রব্বানী সরদার। বক্তব্য চলার বিভিন্ন পর্যায়ে তাঁকে হাততালি দিতে দেখা যায়। ওই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তার এমন আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে সাংবাদিকেরা ইউএনওর কাছে জানতে চাইলে তিনি ব্যঙ্গাত্মক ভঙ্গিতে তাঁর বক্তব্য তুলে ধরার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ইউএনও হচ্ছে নাউ ওয়ান অব দ্য বিএনপি লিডারস অব পীরগঞ্জ।’ তাঁর বক্তব্যের ওই অংশটুকু আলাদাভাবে প্রচার করে তাঁকে সারা দেশে পরিচিত করে তোলার কথাও বলেন তিনি।

নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে ইউএনও বলেন, যে দল সরকারে থাকে, তিনি সেই দলেরই নেতা। তাঁর ভাষায়, তাঁর দল সরকারি দল এবং তাঁর আদর্শও সরকারি দলের আদর্শ।

এ ছাড়া নিজের প্রশাসনিক দায়িত্বের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সংসদ সদস্যকে জিজ্ঞেস করেই সব কাজ করতে হবে। এ বিষয়ে তাঁর কাছে চিঠি রয়েছে বলেও দাবি করেন তিনি এবং সাংবাদিককে তা দেখতে বলেন।

ঘটনাটি নিয়ে আপত্তি জানিয়েছেন রাজনৈতিক নেতারাও। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক আবু সায়েম বলেন, একজন সরকারি কর্মকর্তার সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে এভাবে করতালি দেওয়া উচিত নয়।

তিনি বলেন, সংসদ সদস্য যখন আসন্ন নির্বাচনে একজনকে দলীয় প্রার্থী হিসেবে তুলে ধরে ভোট চাইছিলেন, তখন ইউএনওর প্রকাশ্যে হাততালি দিয়ে সমর্থন জানানোর বিষয়টি কাম্য নয়।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতা ও রাজনৈতিক বক্তব্যের সময় তাঁদের আচরণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ