কুড়িগ্রাম সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা এবং বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৩ লাখ ২২ হাজার ২১০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা বজায় রাখা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসব অভিযানে ভারতীয় ইয়াবা ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামালসহ একজনকে আটক করা হয়।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি জানান, সীমান্তে মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ তৎপরতা ঠেকাতে সদস্যরা সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
তিনি আরও জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং চোরাকারবারিদের অপতৎপরতা প্রতিরোধে বিজিবির নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসএস