শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রতিভা বিকাশের লক্ষ্যে সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ইসলামিক এডুকেশন সোসাইটির (আইইএস) জাতীয় মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬। শনিবার (৩১ অক্টোবর) সকালে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমি কেন্দ্রে পরীক্ষার্থীদের অংশগ্রহণে সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মোহাম্মাদ জাহিদুল ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন জামায়াতের যুব বিভাগের শহর সভাপতি অ্যাডভোকেট সদরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি হাফেজ আবু তালেবসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
পরীক্ষার আয়োজন ও সার্বিক কার্যক্রম তদারকি করেন দারুল ইসলাম একাডেমির অধ্যক্ষ মুহাম্মাদ শাহাদত হোসাইন। কেন্দ্রটিতে স্থানীয় শিক্ষাবিদ, শিক্ষক, অভিভাবক এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে মেধাবৃত্তি পরীক্ষার গুরুত্ব তুলে ধরেন। তাঁদের মতে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নিজ নিজ সক্ষমতা যাচাইয়ের সুযোগ তৈরি করে। পাশাপাশি আত্মবিশ্বাস, নৈতিকতা ও ইতিবাচক প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতেও সহায়ক ভূমিকা রাখে।
আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে, শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করা এবং শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যেই নিয়মিত এ পরীক্ষার আয়োজন করা হচ্ছে। আয়োজন সফল করতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ইসলামিক এডুকেশন সোসাইটি।
সদ্য সংবাদ/এসএস