নামাজ আদায় করতে মসজিদে যাওয়ার পথে মাদক সেবনের প্রতিবাদ করায় হামলার শিকার হয়েছেন স্থানীয় কয়েকজন মুসল্লি। ঢাকার আশুলিয়ার আবূপুর এলাকায় এ ঘটনায় লোহার চেইন দিয়ে পিটিয়ে অন্তত তিনজনকে আহত করার অভিযোগ উঠেছে।
শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয় বাসিন্দা সুজন মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, ওই বাড়ির একটি কক্ষে কয়েকজন গাঁজা ও ইয়াবা সেবন করছিলেন। এ সময় পাশের মসজিদে এশার নামাজ পড়তে যাওয়ার পথে কয়েকজন মুসল্লি ঘর থেকে আসা তীব্র গন্ধ পান। বিষয়টি নিয়ে তাঁরা প্রতিবাদ জানালে সেখানে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লোহার চেইন দিয়ে মুসল্লিদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে অন্তত তিনজন আহত হন। তাঁদের মধ্যে সোহেল বেপারীর বুকে গুরুতর আঘাত লাগে। হাকিম আলী বেপারী ও শামীম বেপারীও আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে রয়েছেন বরিশালের হিজলা উপজেলার বাসিন্দা সোহেল বেপারী (৩৮) ও মোছলেম বেপারী (৫০) এবং শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শামীম বেপারী (৪৫)।
এ ঘটনায় অভিযুক্ত হিসেবে ইব্রাহিম মাতবর (৪৫) ও আল আমিনের (৩৫) নাম জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
মসজিদের আশপাশে মাদক সেবন এবং প্রতিবাদ করায় মুসল্লিদের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস