গাজীপুর মহানগরীর আদালতে মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীদের হামলায় গুরুতর আহত হয়েছেন টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। এ সময় তাঁর মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেওয়া হয়।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শিল্পাঞ্চল গাজীপুরের কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন আহত অবস্থায় এসআই শাকাওয়াতকে উদ্ধার করে প্রথমে কোনাবাড়ীর একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মির্জাপুর থানা-পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে একটি মামলায় সাক্ষ্য দেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে মির্জাপুর থানা থেকে গাজীপুর মহানগরীর আদালতের উদ্দেশে রওনা হন শাকাওয়াত হোসেন ইমতিয়াজ। সাড়ে ১১টার দিকে তাঁর মোটরসাইকেলটি কোনাবাড়ীর বাইমাইল সাইনবোর্ড এলাকায় পৌঁছালে আন্দোলনরত শ্রমিকেরা তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁর মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
প্রাণ বাঁচাতে তিনি একটি পাম্পের দোকানে আশ্রয় নেন। সেখানেও আন্দোলনকারীদের কয়েকজন তাঁকে মারধর করেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুলিশের সহায়তায় পরে তাঁকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও ডিউটি অফিসার মো. তৌহিদ জানান, গাজীপুর আদালতে মামলার সাক্ষ্য দিতে যাওয়ার পথে আন্দোলনকারীরা পুলিশ কর্মকর্তা ইমতিয়াজের ওপর হামলা চালান এবং তাঁর মোটরসাইকেলে আগুন দেন। আহত পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর