শেরপুরে শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়েছে। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে পাঁচটি যানবাহনের চালককে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
সোমবার (২ নভেম্বর) শেরপুর সদর উপজেলার গৌরীপুর এলাকায় পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের পরিচালনায় এ অভিযান চালানো হয়।
শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব সরকার।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস। ভ্রাম্যমাণ আদালত পাঁচটি যানবাহনের চালকের কাছ থেকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। একই সঙ্গে যানবাহনগুলো থেকে হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
শব্দদূষণ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সদ্য সংবাদ/ এরআর