২০২৭ সালে জাতীয় দিবস ও ধর্মীয় উৎসব উপলক্ষে সরকারি সাধারণ ছুটি, নির্বাহী আদেশে ছুটি এবং ঐচ্ছিক ছুটি মিলিয়ে মোট ২৯ দিন ছুটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি থাকায় সেগুলো বাদে মোট ২২ দিন সরকারি ছুটি কার্যকর হবে।
সোমবার (২ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটির এ সূচি অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি আলোচ্যসূচির বিস্তারিত তুলে ধরেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটির প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে। এসব ছুটির মধ্যে সাত দিন সাপ্তাহিক ছুটি—তিনটি শুক্রবার ও চারটি শনিবার। ফলে সাপ্তাহিক ছুটি বাদে সরকারি ছুটির সংখ্যা দাঁড়াচ্ছে ২২ দিন।
অনুমোদিত ছুটির মধ্যে জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি রাখা হয়েছে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটি—দুটি শুক্রবার ও দুটি শনিবার।
অন্যদিকে, বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটি—একটি শুক্রবার ও দুটি শনিবার।
ধর্মীয় পর্ব উপলক্ষে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক তিন দিন ঐচ্ছিক ছুটি ভোগের সুযোগ রয়েছে। এ ছাড়া পার্বত্য চট্টগ্রাম ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ উৎসব উদ্যাপনের জন্য দুই দিন ঐচ্ছিক ছুটি মঞ্জুর করা হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর