দর্শনার্থী দিনে ৩-৫ জন, লোকসানে চলছে এশিয়ার প্রথম পানি জাদুঘর

আ
আবিদ হাসান সাইমুম (কলাপাড়া প্রতিনিধি)
৪ নভেম্বর, ২০২৬ ১৪:৩৭:৩০

নদী ও পানির ইতিহাস সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সচেতনতা তৈরির লক্ষ্য নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিষ্ঠিত হয়েছিল পানি জাদুঘর। দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের অষ্টম পানি জাদুঘর হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটিতে রয়েছে দেশ-বিদেশের ৮৭টি নদীর পানির নমুনা। অথচ গুরুত্বপূর্ণ এই সংগ্রহশালা এখন দর্শনার্থী সংকট ও আর্থিক টানাপোড়েনে ধুঁকছে। প্রতিদিন গড়ে মাত্র ৩ থেকে ৫ জন দর্শনার্থী আসছেন। আয় দিয়ে পরিচালন ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না, ফলে দীর্ঘমেয়াদি অস্তিত্ব নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারের কাছে ২০১৪ সালের ২৯ ডিসেম্বর ১৫ শতাংশ জমির ওপর যাত্রা শুরু করে পানি জাদুঘর। বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের অর্থায়নে ‘আভাস’ প্রকল্পের আওতায় এটি প্রতিষ্ঠিত হয়। স্থানীয় পাঁচ গ্রামের ৪৮৫ জন নারী-পুরুষের সংগঠন উপকূলীয় জনকল্যাণ সংঘের সহযোগিতায় পরিচালিত হচ্ছে প্রতিষ্ঠানটি। জাদুঘরের নকশা ও অন্যান্য কার্যক্রমে সহযোগিতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

প্রতিষ্ঠার পর জাদুঘরটি নদী, পানিসম্পদ ও পরিবেশ নিয়ে আগ্রহী মানুষের জন্য একটি বিশেষ সংগ্রহশালা হিসেবে পরিচিতি পায়। এখানে সংরক্ষিত রয়েছে বাংলাদেশের পাঁচটি, বিদেশের ১২টি এবং ভারত, নেপাল, ভুটান ও মিয়ানমারসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে প্রবেশ করা আন্তঃসীমান্ত প্রায় ৭০টি নদীর পানির নমুনা। এত সমৃদ্ধ সংগ্রহ থাকা সত্ত্বেও গবেষণা, শিক্ষা ও পর্যটনের সঙ্গে কার্যকর সংযোগ তৈরি না হওয়ায় প্রতিষ্ঠানটির সম্ভাবনা অনেকটাই অপ্রকাশিত রয়ে গেছে।

দর্শনার্থী কমায় সংকুচিত হচ্ছে কার্যক্রম

জাদুঘরের কিউরেটর ও উপকূলীয় জনকল্যাণ সংঘের ক্যাশিয়ার লিপি মিত্র জানান, একসময় দেশি-বিদেশি পর্যটক, শিক্ষার্থী ও গবেষকদের নিয়মিত আনাগোনা ছিল। বর্তমানে প্রতিদিন গড়ে মাত্র ৩ থেকে ৫ জন দর্শনার্থী আসেন। পর্যাপ্ত অর্থ ও সহযোগিতা না থাকায় অবকাঠামো সংস্কার, প্রদর্শনীর উপকরণ সংরক্ষণ এবং প্রচার কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। সরকারি পর্যায় থেকেও কোনো আর্থিক সহায়তা পাওয়া যাচ্ছে না বলে জানান তিনি।

তার মতে, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সফর, গবেষণা কার্যক্রম এবং পর্যটন সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় বাড়ানো গেলে দর্শনার্থী আকর্ষণের সুযোগ রয়েছে। কিন্তু পরিকল্পিত প্রচারণা ও উদ্যোগের অভাবে সেই সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না।

হিসাবের খাতায় ঘাটতির চিত্র

জাদুঘরের আয়-ব্যয়ের হিসাবেও আর্থিক সংকটের প্রতিফলন দেখা যায়। ২০২৫ সালে প্রতিষ্ঠানটির আয় ছিল ২৬ হাজার ৩৩০ টাকা। একই সময়ে ব্যয় হয়েছে ৩৭ হাজার ৬২২ টাকা। অর্থাৎ বছরটিতে ঘাটতি ছিল ১১ হাজার ২৯২ টাকা।

২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত আয় হয়েছে ১৩ হাজার ৪০ টাকা। বিপরীতে ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৩৮৮ টাকা। এতে ঘাটতি হয়েছে ২০ হাজার ৩৪৮ টাকা। দুই সময়ের হিসাব একত্র করলে মোট আয় ৩৯ হাজার ৩৭০ টাকা এবং ব্যয় ৭১ হাজার ১০ টাকা। ফলে মোট ঘাটতির পরিমাণ ৩১ হাজার ৬৪০ টাকা।

সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠার পর থেকেই জাদুঘরের পরিচালনা কার্যক্রমে ভর্তুকির ওপর নির্ভর করতে হচ্ছে। অ্যাকশন এইড বাংলাদেশ প্রতিবছর প্রায় আড়াই থেকে তিন লাখ টাকা সহায়তা দিয়ে থাকে। পাশাপাশি জাদুঘরের ক্যাপ, টি-শার্ট ও মগ বিক্রি করে কিছু অর্থ আসে। এসব পণ্যের দাম যথাক্রমে ১৫০, ২০০ ও ২৫০ টাকা। তবে সীমিত নিজস্ব আয় দিয়ে রক্ষণাবেক্ষণ, কর্মীদের ব্যয় এবং নতুন কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না।

সংগ্রহশালার পাশাপাশি রয়েছে সামাজিক উদ্যোগ

পানি জাদুঘরের কার্যক্রম কেবল নদীর পানির নমুনা প্রদর্শনের মধ্যে সীমাবদ্ধ নয়। নদী, পরিবেশ, মুক্তিযুদ্ধ এবং মানুষের জীবনযাত্রায় পানির ভূমিকা তুলে ধরতে এখানে রয়েছে বিভিন্ন বই ও তথ্যসমৃদ্ধ উপকরণ। অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদের ‘People of Many Rivers’ বইটির মূল্য ৭০০ টাকা এবং কায়সার আহমেদের ‘মুক্তিযুদ্ধে নদী’ বইটির দাম ৪০০ টাকা।

এ ছাড়া স্থানীয় মানুষের সুপেয় পানির চাহিদা পূরণেও ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। ২০২৪ সালের ডিসেম্বরে স্থাপন করা পানির ট্যাংক থেকে বর্তমানে আশপাশের ৭ থেকে ৮টি পরিবারের প্রায় ৩৫ থেকে ৪০ জন মানুষ খাবার পানি সংগ্রহ করছেন।

জাদুঘর পরিচালনার সঙ্গে যুক্ত উপকূলীয় জনকল্যাণ সংঘের সদস্যরা উদ্যোক্তা তৈরি, ঝরে পড়া শিক্ষার্থীদের সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন। ৪৮৫ জন নারী-পুরুষের সমন্বয়ে গঠিত সংগঠনটির কার্যক্রমে উপজেলা সমাজসেবা কার্যালয়ের সহযোগিতার উদ্যোগও রয়েছে।

প্রবেশমূল্য আছে, নেই পর্যাপ্ত প্রচারণা

জাদুঘর পরিদর্শনে স্থানীয় দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য ২০ টাকা। জেলার বাইরের দর্শনার্থীদের ৫০ টাকা এবং বিদেশিদের জন্য ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সাধারণত সোমবার থেকে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকে। শীত মৌসুমে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত খোলা রাখার সময় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা।

তবে নির্ধারিত প্রবেশমূল্য ও সময়সূচি থাকলেও পর্যটকদের আগ্রহ বাড়ছে না। আধুনিক প্রদর্শনী, তথ্যপ্রযুক্তিনির্ভর উপস্থাপনা, উন্নত দর্শনার্থী ব্যবস্থাপনা এবং অনলাইন প্রচারণার ঘাটতি প্রতিষ্ঠানটির পরিচিতি বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছে। কুয়াকাটায় ঘুরতে আসা পর্যটকদের ভ্রমণ পরিকল্পনায় পানি জাদুঘরকে যুক্ত করা গেলে দর্শনার্থী বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।

ঐতিহ্য রক্ষায় সমন্বিত উদ্যোগের দাবি

পানি জাদুঘর পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার বলেন, জাদুঘরটি উপকূলীয় মানুষের আত্মত্যাগ ও ঐতিহ্যের প্রতীক। নদী ও পানিসম্পদের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি নতুন প্রজন্মকে সচেতন করার ক্ষেত্রেও প্রতিষ্ঠানটির ভূমিকা রয়েছে।

জাদুঘরের সামনে বালুর মধ্যে অর্ধেক ডুবিয়ে রাখা একটি নৌকা নদীর মৃত্যুর প্রতীক হিসেবে রাখা হয়েছে। নৌকাটির বুকে বিঁধে থাকা দুটি গজাল নদীমাতৃক বাংলাদেশের ধ্বংসের আশঙ্কাকে প্রতীকীভাবে তুলে ধরে। অথচ নদী রক্ষার বার্তা বহন করা এই প্রতিষ্ঠানকেই এখন টিকে থাকার লড়াই করতে হচ্ছে।

সংশ্লিষ্টদের মতে, পানি জাদুঘরকে কার্যকর ও টেকসই প্রতিষ্ঠানে পরিণত করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন। পর্যটন, পরিবেশ ও পানিসম্পদ সংশ্লিষ্ট দপ্তরের পাশাপাশি বিশ্ববিদ্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থাগুলো এগিয়ে এলে জাদুঘরটি শিক্ষা ও গবেষণার গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে। একই সঙ্গে প্রয়োজন নিয়মিত অর্থায়ন, অবকাঠামো উন্নয়ন এবং দেশি-বিদেশি পর্যটকদের কাছে প্রতিষ্ঠানটির পরিচিতি তুলে ধরার পরিকল্পনা।

নদী ও পানির ইতিহাস সংরক্ষণের ব্যতিক্রমী উদ্যোগটি শুধু অর্থের অভাবে হারিয়ে যাক, তা চান না সংশ্লিষ্টরা। সময়মতো কার্যকর সহায়তা ও পরিকল্পনা নিশ্চিত করা না গেলে এশিয়ার প্রথম পানি জাদুঘরের সমৃদ্ধ সংগ্রহ ও প্রতিষ্ঠার উদ্দেশ্য একসময় কেবল স্মৃতিতে সীমাবদ্ধ হয়ে পড়ার আশঙ্কা রয়েছে।​

​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন সদ্য. ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ: মজুরি বোর্ড সদ্য. আটক হলেন সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সদ্য. দাবি আদায়ে অনড় শেকৃবি শিক্ষার্থীরা, অবরোধ চীন-মৈত্রী সিগন্যাল সদ্য. শ্রমিক-পুলিশ সংঘর্ষে উত্তপ্ত সাভার, ওসির গাড়িতে আগুন সদ্য. ৫১তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ সদ্য. জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী সদ্য. পরিচয়পত্র সংশোধনে জালিয়াতি ঠেকাতে কঠোর হচ্ছে ইসি সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত: রণধীর জয়সওয়াল সদ্য. গণভোটের রায় উপেক্ষার অভিযোগ, সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন করল কয়েকটি ছাত্রসংগঠন