দেশের স্বর্ণবাজারে নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির সর্বশেষ ঘোষণা অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের মূল্য ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিট থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। এর আগে গত ২ নভেম্বর স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করেছিল বাজুস। স্থানীয় বাজারে খাঁটি বা তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় নতুন মূল্যতালিকা প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার তৈরিতে নকশা ও কারুকাজের ভিত্তিতে নির্ধারিত মজুরি যোগ হবে। তবে অলঙ্কার বিক্রির নির্ধারিত মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে পৃথকভাবে ভ্যাট নেওয়ার সুযোগ নেই।
এদিকে চলতি বছরে স্বর্ণের দামের ওঠানামা অব্যাহত রয়েছে। বাজুসের হিসাবে, ২০২৬ সালে এখন পর্যন্ত মোট ১৩২ বার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ দফায় দাম বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৬৭ দফায়। এ ছাড়া একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।
গত বছরও দেশের স্বর্ণবাজারে একাধিকবার মূল্য পরিবর্তন করা হয়। ২০২৫ সালে মোট ৯৩ বার দাম সমন্বয়ের মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছিল বাজুস।
সদ্য সংবাদ/এজে