সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে গিয়ে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদানে অংশ নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকার আলহাজ্ব এস এম ফয়সল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিশুদের সঙ্গে প্রায় তিন ঘণ্টা কাটান তিনি।
এ সময় শুধু বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণেই সীমাবদ্ধ থাকেননি প্রতিমন্ত্রী; শিক্ষার্থীদের সঙ্গে পাঠদানেও অংশ নেন। শিশুদের সঙ্গে হাসি-আনন্দের মধ্য দিয়ে শ্রেণিকক্ষে সময় কাটানোর পাশাপাশি শিক্ষকদের পাঠদানের পদ্ধতি ও শিক্ষার্থীদের শেখার পরিবেশ সম্পর্কে খোঁজ নেন।
বিদ্যালয় পরিদর্শনের অংশ হিসেবে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন ববি হাজ্জাজ। শিক্ষার্থীদের মধ্যে খাবার বিতরণের পাশাপাশি বিদ্যালয়ের খাদ্য সংরক্ষণ ব্যবস্থাও ঘুরে দেখেন তিনি। এ ছাড়া মা সমাবেশের সদস্য, বুক অধিনায়ক এবং লিটল অ্যাগ্রিকালচার কার্যক্রমে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।
এরপর মাধবপুরের জগদীশপুর চাবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি। সেখানে শ্রেণিকক্ষের পরিবেশ, পাঠদান কার্যক্রম এবং শিক্ষার্থীদের শিক্ষার মান সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল, মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায়, সহকারী পুলিশ সুপার মফিউর রহমানসহ স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সদ্য সংবাদ/এজে