পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) পতাকা উত্তোলন, শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক আয়োজন, শিক্ষার্থীদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে সকালেই উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ১০টার দিকে দলীয় কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।
অন্যদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলা ১১টা ৩০ মিনিটে সভাকক্ষ ‘পায়রা’য় দেশাত্মবোধক গান, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে দুপুর ১২টায় একই স্থানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আরিফুজ্জামান। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ কাইয়ুম, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. ইলিয়াস, মহিপুর থানার উপপরিদর্শক জহিরুল ইসলাম এবং খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী উৎপল।
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তেং মং, কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলম, সমবায় কর্মকর্তা আব্বাস আলী, সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম, পৌর শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মো. নাজমুল ইসলামসহ বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি, সংস্কৃতিকর্মী ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ বিল্লাহ খান।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা, অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ এবং ফুটবল প্রীতি ম্যাচও অনুষ্ঠিত হয়।
সদ্য সংবাদ/এজে