শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় বালুভর্তি ছয়টি ব্যাটারিচালিত অটোভ্যান ও একটি মাহিন্দ্রা লরি জব্দ করা হয়েছে। পাশাপাশি ছয় অটোভ্যানচালককে আটক করা হলেও পালিয়ে গেছেন লরির চালক।
রোববার (৮ নভেম্বর) দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ধানশাইল ইউনিয়নের ধানশাইল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, উপজেলার বাকাকুড়া খাল থেকে অনুমোদনহীনভাবে বালু উত্তোলন করে বিভিন্ন যানবাহনে পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় বালুভর্তি সাতটি যানবাহন জব্দ করা সম্ভব হলেও মাহিন্দ্রা লরির চালক শান্ত মিয়া পালিয়ে যান।
আটক ব্যক্তিরা হলেন—গান্ধিগাঁও এলাকার ফরমান (৪২), শেখ ফরিদ (২২), মামুন মিয়া (৪০), ময়নাল (৪৫), রহমত আলী (৩২) এবং বাকাকুড়া গ্রামের ইনছার আলী (৩৭)।
এ ঘটনায় আটক ছয়জনের পাশাপাশি পলাতক লরিচালক শান্ত মিয়াকেও আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।