বাংলাদেশের উচ্চপদস্থ ৩৪ সরকারি কর্মকর্তা নেতৃত্ববিষয়ক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান সফরে গেছেন। দুই সপ্তাহের এ কর্মসূচি অনুষ্ঠিত হবে দেশটির লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি)।
রোববার (৮ নভেম্বর) অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে গঠিত দলটি পাকিস্তানের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। ঢাকার পাকিস্তান হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিনিধি দলকে বিদায় জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
পাকিস্তান হাইকমিশনের তথ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে।
হাইকমিশনার ইমরান হায়দার জানান, চলতি বছরের শুরুতে বাংলাদেশের ১২ জন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা একই প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচে অংশ নিয়ে সফলভাবে তা সম্পন্ন করেন। এবার ৩৪ কর্মকর্তার দলটি দ্বিতীয় ব্যাচ হিসেবে প্রশিক্ষণে অংশ নিচ্ছে।
দুই সপ্তাহের এই প্রশিক্ষণে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ ও পাকিস্তানের প্রশাসনিক পর্যায়ে পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে পাকিস্তান হাইকমিশন।
সদ্য সংবাদ/এসএস