ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছাত্রদলের নতুন আংশিক কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের বিরোধ থামছেই না। এরই মধ্যে এলাকায় একের পর এক সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। এবার উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) বিকেল ৫টার পর সংশ্লিষ্ট নেতাদের স্বাক্ষর করা পৃথক বিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কসবা উপজেলা ছাত্রদলের ১০টি ইউনিয়ন কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন নবগঠিত উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ। অন্যদিকে, কসবা পৌর ছাত্রদলের ৯টি ওয়ার্ড কমিটি বিলুপ্তির বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পৌর ছাত্রদলের সভাপতি এনামুল হক আপেল ও সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ।
কমিটি বিলুপ্তির বিষয়টি নিশ্চিত করে নবগঠিত কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি সিরাজুল হক ইমু সোমবার যুগান্তরকে মুঠোফোনে বলেন, ইউনিয়নগুলোর কমিটির মেয়াদ শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে কমিটিগুলো নিষ্ক্রিয় থাকায় সেগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর সিরাজুল হক ইমুকে সভাপতি করে কসবা উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রদল। নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিত একটি পক্ষ প্রতিবাদ জানিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল।
গত ৪ নভেম্বর নতুন কমিটির আনন্দ মিছিলকে কেন্দ্র করে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। তাঁরা হলেন তৈতুয়া গ্রামের মালু খাঁর ছেলে শহিদুল খাঁ, দক্ষিণ কসবা গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে জুয়েল মিয়া, খারপাড়া গ্রামের রাব্বি মিয়া এবং চড়নাল গ্রামের আবু তাহেরের ছেলে রাশিদুল ইসলাম রাসেল।
এরপর গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ অন্তত ২৭ জন আহত হন।
পরদিন রোববার (৮ নভেম্বর) ওই সংঘর্ষের জেরে বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়নে সড়ক অবরোধ করা হয়।
স্থানীয় রাজনৈতিক সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কসবা বিএনপির রাজনীতিতে দুটি পক্ষের বিভক্তি তৈরি হয়। ছাত্রদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু হওয়া বিরোধ ক্রমেই বিএনপির দুই পক্ষের রাজনৈতিক বিরোধে রূপ নিচ্ছে।
সর্বশেষ ১৯টি ইউনিটের কমিটি বিলুপ্তির ঘোষণায় কসবা ছাত্রদলের সাংগঠনিক পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে।
সদ্য সংবাদ/ এআর