ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবেই তিনি এ উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর আবেদন জানানো হয়েছে। লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’-এর আইনজীবীরা এ আবেদন করেন।
বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবর পাওয়া গেছে। এ অবস্থায় তাঁর বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আবেদন দুটি দ্রুত নিষ্পত্তিরও আহ্বান জানানো হয়।
২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরের বেশি সময় পর আগামী ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি। এর আগে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছার কথাও জানিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী।
তাঁর সহযোগীরা রয়টার্সকে জানিয়েছেন, দেশে ফেরার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পরই প্রত্যাবর্তনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় দেওয়া হয়।
এদিকে, নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রের কাছে রয়টার্স মন্তব্য জানতে চাইলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এজে