মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় রাফি (২০) ও জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯) নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার সমষপুর এলাকায় মাওয়ামুখী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফি ও জ্যোতি ঢাকার পশ্চিম শেওড়াপাড়ার ১২৫/১ নম্বর ঠিকানার বাসিন্দা। রাফির বাবার নাম মনজুরুল আলম বাবু এবং জ্যোতির বাবার নাম জাহাঙ্গীর আলম।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মোটরসাইকেলে করে ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিলেন ওই দুজন। সমষপুর এলাকায় পৌঁছালে অজ্ঞাতপরিচয় একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ল-৪৪-৫৯৪৩।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে যায়। পরে সেখান থেকে দুজনের মরদেহ উদ্ধার করে হাসাড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয় বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
সদ্য সংবাদ/এজে