নোয়াখালীর কোম্পানীগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মামাতো ভাই শামছুর রহমান টিপু (৬২) এবং তাঁর ছেলে খান শিহাবুর রহমান শিহাবকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাসপাতাল গেট এলাকার মৌলভী আমিন উল্যাহ খানের বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শামছুর রহমান টিপু ওবায়দুল কাদেরের বড় মামা একরামুল হকের ছেলে। তিনি বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর ছেলে শিহাব ছিলেন বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে বাবা ও ছেলে নিজেদের বাড়িতেই অবস্থান করছিলেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। বৃহস্পতিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে তাঁদের অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে বাড়িতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, সন্ত্রাসবিরোধী আইনে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে হাজির করার পর তাঁদের কারাগারে পাঠানো হবে।
সদ্য সংবাদ/এজে