সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যানসহ আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (১৮ নভেম্বর) তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান মুন্সি (৪০), জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহাগ আহমেদ (২২), জেলা যুবলীগের সদস্য মো. মাহফুজুর রহমান (৪৫) এবং সয়দাবাদ ইউনিয়ন যুবলীগের সদস্য মো. মাহিম শেখ (২২)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাঁদের আদালতে পাঠানো হয়েছে।
মো. আব্দুর রউফ