পটুয়াখালীর কলাপাড়া চৌরাস্তা সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একই সঙ্গে নিপু হাওলাদার নামে এক ব্যক্তির সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আরও দুজনকে থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত নিপু হাওলাদার ফোরলেন-সংলগ্ন এলাকার বাসিন্দা মিজু হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
বুধবার (১৮ নভেম্বর) রাতে বাসস্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক প্রত্যক্ষদর্শী জানান, হঠাৎ বিকট শব্দ শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বিস্ফোরণের পরপরই আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
এদিকে, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে থানায় নেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে তাঁদের পরিচয় এবং বিস্ফোরণের ঘটনায় সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কলাপাড়া থানা পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সদ্য সংবাদ/ এআর